প্রচ্ছদ > আন্তর্জাতিক >

পাকিস্তানের ৩ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ বাড়ল সৌদি

article-img

সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) পাকিস্তানের স্টেট ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।  এই চুক্তির মাধ্যমে  ৩ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, এসএফডি কর্তৃক পাকিস্তানের স্টেট ব্যাংকে রাখা ৩ বিলিয়ন মার্কিন ডলারের আমানতের মেয়াদ বাড়ানোর জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন এসএফডির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান বিন আবদুর রহমান আল-মারশাদ এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমদ।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিংস ২০২৬-এর সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের মতে, এই মেয়াদ বৃদ্ধি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন। এর ফলে দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাকিস্তান সৌদি আরব থেকে ২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনেছে। বিশেষ করে, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন ডলার পরিশোধের প্রস্তুতির মধ্যে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।